দুই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করল কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংকের ঋণের অনিয়ম নিয়ে আলোচনার মধ্যেই বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে দুইজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে।
আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।
তিনি বলেন, বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে আবুল কালামকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে মুতাসিম বিল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে ।
ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া আবুল কালাম কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক। আর ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে নিয়োগ পাওয়া মোতাসিম বিল্লাহ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক। পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পাওয়া এ দুই কর্মকর্তা ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদের সবগুলো সভায় অংশ নেবেন। পর্ষদ সভায় কোনো বক্তব্য থাকলো তারা জানাবেন।
সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে ব্যাংকের ঋণের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। নানা উপায়ে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে।
এর আগে সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনা অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আরও পড়ুনঃ রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য





